লাদাখ সীমান্তে বিরাজমান সংকট নিরসনে ভারত বৈঠকের আহ্বান জানালেও অনাগ্রহ প্রকাশ করেছে চীন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়।
গত রোববার (১০ অক্টোবর) ভারত ও চীনের সেনা কমান্ডারদের মধ্যে অনুষ্ঠিত ১৩তম বৈঠকে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সীমান্ত উত্তেজনা নিয়ে দ্বিপাক্ষিক সভার আহ্বান জানালেও চীনের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি বলে জানায় দেশটির সেনা কর্তৃপক্ষ।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে বসতে সম্মত নয় চীন। এমনকি তারা বৈঠকের প্রস্তাবের বিষয়ে কিছু জানায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রগুলো থেকে জানা যায়, গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। পাল্টা জবাব হিসেবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তৎপরতা শুরু করেছে ভারতও।
আরও পড়ুন: শুরু হয়েছে আটকে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট
শনিবার (৯ অক্টোবর) ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে জানান, লাদাখ সীমান্তে অত্যাধুনিকের অস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে।
এর আগে ভারতের সেনাপ্রধান সংবাদ সংস্থা এএনআইকে বলেন, পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন। সীমান্ত উত্তেজনা নিঃসন্দেহে আমাদের জন্য উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির ওপর নির্ভর করেই আমরা এগোচ্ছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, এক বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুনে সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।
একাত্তর/টিএ
