নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃত আবিদ মাহমুদ পলাশ (২৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফিরোজ আলম মিলনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (যোগাড়ি) ছিলেন।
নিহতের চাচাতো ভাই করিম উল্যাহ জানান, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পলাশ বাড়ির সামনে পুকুরে পাড়ের একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পরিবারকে ও থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায় নি।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৬
মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন সোহেল মাহমুদ।
একাত্তর/আরএ
