রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণে দেশের দক্ষিণ-পূর্বে তিনটি গ্রাম মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। খবর: বিবিসি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাৎনে এবং নেসকুচনের বসতিতে উদযাপন করছে।
কিয়েভের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, ওই অঞ্চলের কাছাকাছি মাকারিভকাকেও মুক্ত করা হয়েছে।
এর আগে, শনিবার রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর কথা নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তার মন্তব্যের পর থেকে প্রথম মুক্ত এলাকা হবে এই তিনটি বসতি। তবে সোমবার থেকেই ইউক্রেনীয় বাহিনী দেশটির দক্ষিণে অগ্রসর হতে শুরু করেছে।
এদিকে, মস্কো এখনও এসব গ্রাম হাতছাড়া হওয়ার কথা নিশ্চিত করেনি। এই অঞ্চলে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করার কথা বলে আসছে তারা।

ইউক্রেনপন্থী অ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে, ব্লাহোদাৎনের একটি পুড়ে যাওয়া ভবনের বাইরে সেনাদের ইউক্রেনের পতাকা উত্তোলন করতে দেখা যায়।
রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিয়েভের বাহিনী ঘোষণা করছে যে ‘দোনেৎস্ক অঞ্চলের নেসকুচনে আবারও ইউক্রেনের পতাকাতলে’।
এসময় তাদেরকে যুদ্ধের নতুন ডাক ‘গ্লোরি টু ইউক্রেন’ চিৎকার করতে শোনা যায়।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, পাল্টা আক্রমণের প্রথম স্থানীয় বিজয় এগুলো।
যদিও তিনটি গ্রামের দখল সাম্প্রতিক দিনের সবচেয়ে বড় অগ্রগতিকে চিহ্নিত করে, এই বসতিগুলো তুলনামূলকভাবে ছোট। ব্লাহোদাৎনের যুদ্ধ-পূর্ববর্তী জনসংখ্যা ছিল মাত্র এক হাজার।
তবে কিয়েভের ঊর্ধ্বতন কর্মকর্তারা অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট মন্তব্য করতে অস্বীকার করেছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিয়ের বাস উল্টে নিহত ১০, আহত ২৫
আরও পূর্বে, ইউক্রেনীয় সৈন্যরা বিধ্বস্ত শহর বাখমুতের কাছেও অগ্রসর হয়েছে বলে জানা গেছে।
সোমবার ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছে, গত একদিনে কমপক্ষে ২৫টি সংঘর্ষ হয়েছে।
একাত্তর/এসজে
