নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- কাঞ্চন এলাকার ফরিদ হোসেন, আফজাল, জহিরুল হক, রিফাত, আবুল কালাম, শরিফ, আলামিন, শাকিল হোসেন, আমিনুদ্দিন ও কাজী অনিক।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার বিকালে কাঞ্চন পৌরসভার কালাদী সাহাজউদ্দিন আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় ওলামা লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় কাঞ্চন পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমান লিটু সমর্থিত পৌর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনিছুর রহমান খোকনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সমর্থক রাজিবের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এ ঘটনায় মীমাংসার জন্য গোলাম রসুল কলি সন্ধ্যার পর খোকনকে তার অফিসে যাওয়ার জন্য বলেন। এসময় সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু খোকনসহ কয়েকজনকে নিয়ে তার অফিসে যান। সেখানে কলির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবের লিটুর লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে পৌর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনিছুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জমির হোসেন, সেচ্ছাসেবক লীগ কর্মী নিহাল, রাকিব, রাব্বিসহ উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে এর জের ধরে রাত পৌনে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাঞ্চন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গোলাম রসুল কলির ছোট ভাই নুর হোসেনের খাবারের দোকান ভাঙচুর করে একপক্ষ। সংঘর্ষের কারণে পুরো কাঞ্চন বাজারে আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট।
খবর পেয়ে পুলিশ কাঞ্চন বাজারে অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত উভয় পক্ষের ১০ জনকে আটক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
টিয়া পাখি উদ্ধারে গিয়ে তিনজন দগ্ধ
লন্ডনি হুকুমের কারণে অনেকে বিএনপি ছেড়েছে: সেলিম ওসমান