পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। পারাপারে সময় লাগছে দ্বিগুণ। ফলে দুই পাড়েই বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, পদ্মায় প্রবল স্রোত থাকায় ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
তিনি বলেন, স্রোতের বিপরীতে চলতে গিয়ে ১৮টি ফেরির মধ্যে তিনটি এরি মধ্যে বিকল হয়ে গেছে। এখন চলাচল করছে ১৫টি ফেরি।
এছাড়া, মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে।
অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায়, বুধবার সকাল থেকে পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে চারশ’র বেশি পণ্যবাহী ট্রাক।
আরও পড়ুন: জেলা পরিষদের চেক জালিয়াতি: সাংবাদিক আটক
এতে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে যাত্রী ও যানবাহনগুলো দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
যাত্রীবাহী বাসের থেকে পণ্যবাহী যানের চাপই বেশি এই ঘাটে। এসব যান ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেতে পাটুরিয়ায় এসে ভিড় করছে।
তবে, শুক্রবার শিমুলিয়া থেকে জাজিরার ঘাটে ফেরি চলাচল শুরু হলে, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে চাপ কমবে বলে মনে করছেন, ঘাটের কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, বাংলাবাজারের পরিবর্তে শুক্রবার থেকে শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরি চলাচল করবে।
একাত্তর/আরএইচ
