সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সকালে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদানের জন্য ৯ জন পুলিশ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুলিশের মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে এ ধরনের সম্মাননা প্রদানের আয়োজন এটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তার যে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তার সবই তিনি পাবেন। তার নিরাপত্তার বিষয়টিও একইভাবে সুনিশ্চিত করা হবে।
কথা বলতে সাবেক রাষ্ট্রপতির লন্ডন যাওয়ার প্রয়োজন রয়েছে বা যেতে হয়—এমন বক্তব্য সম্পূর্ণ অলীক ও অবাস্তব।
সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নানা আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পিকার তা গ্রহণ করেছেন। যারা এ বিষয়ে ভিন্ন বক্তব্য বা মন্তব্য করছেন, মুক্ত আলোচনা ও মতপ্রকাশের সেই সুযোগ তো রয়েছেই। তবে সরকারের আমলে নেওয়ার মতো কোনো বিষয় বা যুক্তি সেখানে নেই।
বর্তমান সরকার কাজ পরিচালনার ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতির কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কথা বলতে সাবেক রাষ্ট্রপতির লন্ডন যাওয়ার প্রয়োজন রয়েছে বা যেতে হয়—এমন বক্তব্য সম্পূর্ণ অলীক ও অবাস্তব।
যেকোনো পেশাদার বাহিনীর কার্যক্রম মূলত রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার সে রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনীর সংস্কার ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সামগ্রিক চিন্তা ও কার্যক্রমে বড়ো ধরনের পরিবর্তন এসেছে। যেকোনো পেশাদার বাহিনীর কার্যক্রম মূলত রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার সে রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি; বরং পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
তিনি জানান, ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অপকর্মের বিচার নিশ্চিত করতে বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সম্প্রতি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রার সঙ্গে এই বোমা পাওয়ার ঘটনার কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।
