দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
আর এই খবরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে কঠোর ভাষায় ‘খাঁচায় আসার নিমন্ত্রণ’ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এনসিপি নেতা আসিফ মাহমুদ কড়া সুরে মন্তব্য করেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে’।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে জানা যায়, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে এই আবেদনটি জমা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।
চিঠির তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠান। সেখানে শেখ হাসিনাকে একটি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করে দেশে ফেরার প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়া ও দেশে ফেরার তোড়জোড়ের খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারী তরুণেরা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে পালিয়ে যাওয়া সাবেক এই শাসকের প্রত্যাবর্তন কোনো ভ্রমণ বা সাধারণ বিমানে চড়ে হবে না; বরং আইনগত সাজার মুখোমুখি করতে বিচারিক বন্দি হিসেবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দী হিসেবেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী