ফিলিপাইন সফরে গিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘খুব বড় বাণিজ্য চুক্তি’ সম্পাদিত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ভবনে এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে ম্যানিলার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট কোনো চুক্তি নয়, কেবল অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি ‘বোঝাপড়া’ বা সমঝোতা হয়েছে।
ম্যানিলার প্রেসিডেন্ট প্রাসাদের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা এইমাত্র একটি অত্যন্ত বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি, যা এখন পর্যন্ত আমাদের করা সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিগুলোর একটি এবং এটি উভয় দেশের জন্যই একটি ন্যায্য চুক্তি।

এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের কৃষক এবং জ্বালানি খাতের ব্যবসায়ীদের জন্য দারুণ সুফল বয়ে আনবে বলে পরে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও উল্লেখ করেন তিনি। তবে এই চুক্তির বিষয়ে উভয় দেশের কোনো পূর্বনির্ধারিত কর্মসূচিতে বা সূচিতে কোনো তথ্য ছিল না এবং ট্রাম্পও বিস্তারিত কোনো বিবরণ দেননি।
এদিকে ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিপাইনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, দুই পক্ষ কেবল অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছে, সেখানে আনুষ্ঠানিক কোনো বাণিজ্য চুক্তির কথা বলা হয়নি। উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিরা এই প্রতিশ্রতিগুলোকে বাস্তব উদ্যোগে রূপ দিতে একসঙ্গে কাজ করবেন বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রে ফিলিপাইনের রাষ্ট্রদূত জোসে ম্যানুয়েল রোমুয়ালদেজ জানান, যুক্তরাষ্ট্র আমাদের খাদ্য সরবরাহ এবং জ্বালানি চাহিদাকে বৈচিত্র্যময় করার প্রস্তাব দিয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে, কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে কি না, উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো চুক্তি সই হয়নি।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার থাইল্যান্ডের সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে মার্কিন আমদানির ওপর সমস্ত শুল্ক এবং উল্লেখযোগ্য অ-শুল্ক বাধা তুলে নেবে থাইল্যান্ড।
