ভারতের স্বার্থেই ইসরাইল সঙ্গে সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য চান রাহুল গান্ধী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অন্য দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় নির্ধারণ করা উচিত।

বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।

আলোচনায় রাহুল গান্ধী বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টি আমি পুরোপুরি সমর্থন করি।’

ভারতের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র কেনার ক্ষেত্রে দেশটির নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্য দেশের অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয় বলেও জানান তিনি। ইসরাইলের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখার পেছনে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে বলে যুক্তি দেন রাহুল।

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত সমালোচনা করলেও ২০২৩ সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার নিন্দা জানান তিনি। রাহুল বলেন, বেসামরিক মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি অন্যদের জন্য কী ভালো, তার ভিত্তিতে নয়, বরং আমাদের জন্য কী ভালো, তার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনার ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে গুরুত্ব দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুলের বক্তব্যের দিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তির ঘোষণা দেয়। ভারতীয় নৌবাহিনীর জাহাজে থাকা বারাক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা উন্নত করার জন্য এ চুক্তি করা হয়েছে। গত ১৮ নভেম্বর সই হওয়া চুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়ন এবং মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয় রয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের বক্তব্যের সময়টি ভারতের রাজনৈতিক অঙ্গনে ইসরাইলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার গভীরতা তুলে ধরেছে।

চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরাইলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে ফোনের নিরাপত্তাব্যবস্থা ভাঙার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যের ইসরায়েলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মাধ্যমে স্ববিরোধিতা করছেন। তার মতে, একদিকে রাহুল ভারতের স্বার্থকে পররাষ্ট্রনীতির ভিত্তি করার কথা বলছেন, অন্যদিকে ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিচ্ছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝা বলেন, সাত অক্টোবরের হামলার সঙ্গে গণহত্যার তুলনা করা আপত্তিকর। ভারত ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনে এবং দুই দেশের সম্পর্ক ভালো, এগুলো বাস্তবতা। তবে তার মতে, এ ধরনের অস্ত্র কেনা শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর সেটিই বলা উচিত ছিল।

ইসরাইলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে ভারত। ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরায়েল সফর করেন মোদি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়লেও ভারতে ইসরাইলের প্রতি ‘অবিশ্বাস্য সমর্থন’ রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

ছবি:সংগৃহীত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরাইলে অন্তত দুই হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ পাঠানো হয়েছে। এসব চালানে কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ ছিল।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের বিষয়ে ক্রমবর্ধমান প্রমাণ থাকা সত্ত্বেও ভারতে তৈরি সামরিক সরঞ্জাম ইসরাইলে পাঠানো অব্যাহত রাখলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে ভারত আইনি জটিলতায় পড়তে পারে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও দলটি ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় ভারতের যোগ দেওয়ার দাবিও জানায়নি দলটি।

১৯৯২ সালের জানুয়ারিতে কংগ্রেস নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সরকারের আমলে ভারত ও ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তবে এর আগে থেকেই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ চলছিল।

রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ১৯৮০-এর দশকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধীরে ধীরে এগিয়েছিলেন। ১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে এটিকে নেতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর আমলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র: মিডল ইস্ট আই

একাত্তর/কেআই
আহত পশুর মতো আচরণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে...
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের...
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ...
হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান জানিয়েছেন, তাঁর আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’-র সম্পাদনায় বাদ পড়া কোনো দৃশ্য কখনোই প্রকাশ করা হবে না। গত ২০ নভেম্বর আন্তর্জাতিক বিনোদন গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে...
রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার...
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার, সন্ধ্যার পর কালিয়া পৌরসভার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর