মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। তবে জাহাজের কর্মীরা ঘুমিয়ে থাকা অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা সেগুলোতে উঠে পুনরুদ্ধার করতে সক্ষম হন।
এ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে মার্কিন সামরিক বাহিনী জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে বলেও অভিযোগ করেছেন শাহরাম ইরানি।
তবে কথিত ট্যাংকার দুটি কখন চুরি করা হয়েছিল এবং কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ইরানের এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
