পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিন্দা জানাতে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার।
শুক্রবার (২৭ নভেম্বর) অটোয়ায় রুশ রাষ্ট্রদূতকে তলব করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আগ্রাসনের সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড অনিচ্ছাকৃতভাবে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।
মন্ত্রণালয় আরও জানায়, মিত্রদের সঙ্গে কানাডা রয়েছে। ন্যাটোর ভূখণ্ডের প্রতিরক্ষা এবং ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে দেশটি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে পোল্যান্ডের কৌঁসুলিরা জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) ইউক্রেনে রাশিয়ার হামলার সময় দেশটির আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।
লুবলিনের জেলা কৌঁসুলি কার্যালয় জানায়, রোববার পূর্বাঞ্চলীয় লুবলিন অঞ্চলের নোভি লিপোভিয়েচ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবকারপাথিয়া অঞ্চলের রুদনিক ও মলোদিচ এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
কৌঁসুলিরা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনটি ক্ষেপণাস্ত্রই রাশিয়ার মস্কো অঞ্চলের দুবনা শহরে তৈরি। এগুলো চলতি বছরের অক্টোবর অথবা নভেম্বরে উৎপাদন করা হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
