পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভি সামিউল হক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আসাদাবাদের আন্দার সের এলাকায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় পাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা হতাহত হয় এবং আহত শিশুদের দ্রুত আসাদাবাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি জানান, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসাবধানতার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। উল্লেখ্য, লৌহ আকরিক, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তানে খনিশিল্প একটি গুরুত্বপূর্ণ খাত।
তবে খনি কোম্পানিগুলোতে নিরাপত্তার মানদণ্ড প্রায়ই অত্যন্ত দুর্বল হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে কুনার প্রদেশে সম্প্রতি মূল্যবান রত্নপাথর উত্তোলন উল্লেখযোগ্য হারে বেড়েছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান পাথর উত্তোলন করে পরবর্তীতে নিলামে বিক্রি করে।
এর আগেও দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে রক্তক্ষয়ী ঘটনার নজির রয়েছে। গত আগস্ট মাসে আফগান রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হাতবোমা (হ্যান্ড গ্রেনেড) হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের আইন পাস করলো ইতালি
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, রাষ্ট্রদূতকে তলব কানাডার