বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ ৩৫টি প্রতিষ্ঠানকে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এবার সামগ্রিক বিজয়ী (ওভারঅল উইনার) হিসেবে ২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে বিএসআরএম স্টিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচারিং খাতেও গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
বেসরকারি ব্যাংকে যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি। যৌথভাবে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক এশিয়া পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এছাড়া সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
নন ব্যাংকিং আর্থিক সেবায় ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
ম্যানুফ্যাকচারিংয়ে গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী বিএসআরএম স্টিলস লিমিটেডের পাশাপাশি এ খাতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে সামিট পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডাইভারসিফাইড হোল্ডিংসে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এসিআই লিমিটেড।
সাধারণ বীমা বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। জীবন বীমা বিভাগে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
এনপিও/এনজিও-তে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে সাজেদা ফাউন্ডেশন। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রবি আজিয়াটা লিমিটেড এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন লিমিটেড।
সেবা খাততে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
কৃষি খাততে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড।
বিশেষায়িত বিভাগ করপোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি।
ইন্টিগ্রেটেড রিপোর্টিংয়ে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
