ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহযোগিতায় বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে একটি সাপোর্ট ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
রোববার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ অনলাইনে যুক্ত হয়ে ডেস্কটির উদ্বোধন করেন। এতে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শহীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা, সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এম এম বাদশা এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দর আলী মিনা।
অনুষ্ঠানে জানানো হয়, সৎ ও নৈতিক সাংবাদিকতার কারণে হয়রানিমূলক মামলার শিকার সাংবাদিকরা হটলাইন নম্বর +8809617356868-এ ফোন করে আইনি ও পরামর্শমূলক সহায়তা নিতে পারবেন। এই ডেস্ক সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট আইনি সহায়তা সংস্থার কাছে পাঠাবে এবং প্রয়োজনে তাদের স্থানীয় আইনি সেবার সঙ্গে সংযুক্ত করবে।
ড. সুসান ভাইজ বলেন, ইউনেস্কো গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকরা গণতন্ত্র ও জবাবদিহিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ডেস্ক তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।
ওবায়দুর রহমান শহীন বলেন, বাংলাদেশের সাংবাদিকরা ঝুঁকির মধ্যে কাজ করেন। এই সাপোর্ট ডেস্ক তাদের সুরক্ষা ও অধিকার রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বিএফইউজে এই উদ্যোগের পাশে থাকবে।
আবু সালেহ আকন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই ডেস্কের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরাও সহায়তা পাবেন। আমরা এটি এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবো।
অনুষ্ঠানে ড. শামীম রেজা, শাহনাজ মুন্নী ও সমষ্টির রেজাউল হক সাপোর্ট ডেস্কের বিভিন্ন দিক নিয়ে ওরিয়েন্টেশন দেন। ১০ সদস্যের এই ডেস্কে রয়েছেন বিএফইউজের আরফানুল হক নাহিদ, ক্র্যাবের এম এম বাদশা, জাতীয় প্রেসক্লাবের শাহনাজ বেগম পলি, ডিক্যাবের মো. আরিফুজ্জামান মামুন, বিজেসির শাহনাজ শারমিন, ডিআরইউ’র নাদিয়া শারমিন ও বোরহান উদ্দিন, এলআরএফের হাসান জাবেদ, বিএনডব্লিউএলএ’র নিঘাত সীমা এবং আইনসেবার সুজয় চৌধুরী। বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই ডেস্কে আইনি সহায়তা প্রদানে সহযোগিতা করবে।
