আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়াও চলমান।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক জরুরি বৈঠকে এসব প্রস্তুতির কথা জানান ব্যবসায়ী ও সরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ, আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তি এবং বাজারমূল্য পরিস্থিতি নিয়ে আড়াই ঘণ্টার এ বৈঠকে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, আকিজ, প্রাণ, নাবিল ও স্কয়ার গ্রুপসহ ২৬টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন,‘রমজানের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমদানির প্রক্রিয়ায় রয়েছে। অল্প সময়ের মধ্যে সেগুলো দেশে পৌঁছাবে। বর্তমানে দেশে থাকা পণ্যের মজুতের তথ্যও বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে একচেটিয়া ব্যবসা বা সিন্ডিকেটের সুযোগ থাকবে না।’
সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, ‘রমজানে বাজারে পণ্যের কোনো ঘাটতি হবে না। ভোক্তারা স্বাভাবিক সরবরাহ পাবেন।’
এদিকে রমজানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করে ৪০ লাখ মানুষকে সুবিধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে টিসিবি। সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, গতবারের তুলনায় এবার ১০ লাখ বেশি মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে। টিসিবির কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও এ সুবিধা পাবেন।
ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আমদানি ঋণপত্র খোলা ও পণ্য আমদানিতে বড় কোনো জটিলতা নেই। ফলে রমজানে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকবে বলে তারা আশা করছেন।
