ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। তাকে ‘বছরের সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক (ইলেকট্রনিক্স) ২০২৬’ বিভাগে এ পুরস্কার দেওয়া হয়েছে।
২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি বিভাগে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং কোটি কোটি ক্রেতার আস্থা এ অর্জনের ভিত্তি। এ জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন ওয়ালটন প্লাজার সহকর্মীরা। এ স্বীকৃতি তাদেরও প্রাপ্য। সম্মাননা দেওয়ার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি। ক্রেতাদের জন্য পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এ স্বীকৃতি আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলেও জানান মোহাম্মদ রায়হান।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘বছরের সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা’ এবং ওয়ালটনের পরিবেশক নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম ‘বছরের সেরা বিক্রয় পরিচালক’ পুরস্কার পান।
২০২৪ সালের ১২ ডিসেম্বর আয়োজিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘বছরের সেরা ব্যবস্থাপনা পরিচালক’ পুরস্কার পান। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘বছরের উদীয়মান প্রধান নির্বাহী কর্মকর্তা’ পুরস্কার পেয়েছিলেন।
