নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড় ও খালের কাছাকাছি স্থানে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে সোহেল মোল্লা এবং পৌর ও উপজেলা কৃষকদলের নেতা মো. শাহিনুর ইসলাম ওরফে শাহিন। এ ঘটনায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানও গুরুতর আহত হয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার এবং কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু দুজন দলীয় নেতার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। সন্ধ্যা ৭টার দিকে শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকার বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রার পেছনের অংশে অতর্কিত হামলা চালান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী ঘটনার বিবরণ দিয়ে জানান, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে আকস্মিক এই হামলা চালানো হয়। এ সময় মূল বহর থেকে দলছুট হয়ে পড়া দুজন নেতাকে একা পেয়ে হামলাকারীরা মাত্রাতিরিক্ত মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও দলীয় নেতা-কর্মীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে শাহিন ও সোহেলের মৃত্যু হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনই এই বর্বরোচিত হামলা চালিয়ে তাঁদের দুই নেতাকে হত্যা করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি ইদ্রিস আলী। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাঁরা ধর্মঘট ডাকছেন, তাঁরাই এবং তাঁদের সমর্থকেরাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এদিকে জোড়া খুনের এই ঘটনায় পুরো কালিয়া উপজেলায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের জোর চেষ্টা চলছে।
কুবির বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা
এমপি বাবরের ক্লিনিকে ভাঙচুর, আসবাবপত্রে আগুন
দেশজুড়ে নাশকতার প্ল্যান, হতে দেবে না পুলিশ