আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ নিজেদের গণবিরোধী ও গণবিমুখ শক্তি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এই নৈরাজ্য প্রতিরোধে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে দলটি; পাশাপাশি শুক্র ও শনিবার ঢাকার দুই মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মোটরসাইকেল র্যালি পূর্ব সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টই আওয়ামী লীগের পতন হয়েছে এবং বর্তমান সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে দলটির পুনর্বাসনের পথও বন্ধ হয়ে গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও প্রচারকে ‘নাটক’ ও ‘মিডিয়া স্ট্যান্ডবাজি’ আখ্যা দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে।
বিমান চাওয়া, গাড়ি চাওয়া কিংবা সীমান্ত পরীক্ষা করার আলোচনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিসেম্বরের বিজয় দিবস ও থার্ড টার্মিনাল উদ্বোধনের মতো বিষয়গুলো মিলিয়ে সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা চলছে, কিন্তু দিনশেষে তিনি আসবেন না; এলেও দেশের মানুষ তাঁকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নতুন করে ঐক্যের ডাক নিয়ে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, কেবল ডিসেম্বর কেন্দ্রিক বা ঋতুভিত্তিক ঐক্য টেকসই নয়। বরং দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং উন্নতির জন্য স্থায়ী ঐক্য প্রয়োজন; গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক কাঠামো সুদৃঢ় করার মধ্য দিয়েই ঐক্যকে শক্তিশালী করতে হবে।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে; কিন্তু ৫ আগস্টের গণ-অভ্যুত্থান হয়েছে ভারতের সেই আধিপত্যবাদের বিরুদ্ধে, যার মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ ও নিপীড়ন করার চেষ্টা করা হতো। বর্তমান পরিস্থিতি কোন মাত্রায় রয়েছে এবং গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, তা তারা জানতে চেয়েছেন বলে জানান তিনি।

র্যালি পূর্ব সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সীমান্তের ওপার থেকে নানা কিছু চাওয়া হচ্ছে, অথচ একসময় যে হাসিনা ভারতকে অনেক কিছু দেয়ার কথা বলতেন, এখন ভারত তাঁকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না। বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং পাসপোর্ট না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ স্পষ্ট করেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং তাঁর বিরুদ্ধে হওয়া বিচারের রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ দেশে আওয়ামী লীগ ও তাদের প্রশ্রয়দাতাদের কোনো ঠাঁই নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রায় হাসনাত ও আসিফ মাহমুদের পাশাপাশি সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক তারেক আদেলসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন এবং স্লোগানে ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা মুখরিত করেন।
