সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার বাসিন্দা তাহেরের ছেলে সিএনজিচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্লাপাড়া থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোনাফ ও যাত্রী চন্দল পালের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি বাসের চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
