বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে সম্প্রতি অভিনেতা-অভিনেত্রীদের হাতে তুলে দেয়া হয়েছে মর্যাদাপূর্ণ ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা)। ২৮টি ক্যাটাগরিতে বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন বিজয়ীরা।
গত ১৪ মে লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এবারের বাফটা।
এ বছর বাফটায় বিবিসি ওয়ানের জনপ্রিয় ড্রামা ‘দ্য রেসপন্ডার’ সর্বাধিক সংখ্যক মনোনয়ন অর্জন করেছে, যার মধ্যে মোট চারটি বাফটা ঘরে তুলেছে ড্রামাটি।
এ ছাড়া পুরস্কার জয়ের পাশাপাশি আলোচনার শীর্ষে ছিল ‘আই এম রুথ’। এ বছর সেরা অভিনেত্রীর বাফটা পুরস্কার অর্জন করেছেন হলিউড তারকা কেট উইন্সলেট।
‘আই এম রুথ’ ড্রামায় অভিনয়ের জন্য এই পুরস্কার ঘরে তোলেন কেট। পুরস্কার হাতে নিয়ে ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েন।
অপরদিকে সেরা অভিনেতার বাফটা পেয়েছেন বেন হুইশাও। বিবিসি ওয়ানের ড্রামা ‘দিস ইজ গোয়িং টু হার্ট’ থেকে এই কৃতিত্ব অর্জন করেন অভিনেতা।
এ বছর সেরা ড্রামা হিসেবে বাফটা পুরস্কার ঘরে তুলেছে ‘ব্যাড সিস্টারস’। সেরা মিনি টিভি সিরিজ হিসেবে বাফটা পেয়েছে ‘মুড’। সেরা আন্তর্জাতিক টিভি সিরিজের পুরস্কার ঘরে তুলেছে নেটফ্লিক্সের ‘ডাহমার-মনস্টার: জেফরি ডাহমার স্টোরি’।
সেরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে বাফটা ঘরে তুলেছেন ‘দ্য ট্রেইটারস’ থেকে ক্লডিয়া উইংকেলম্যান। এ বছর বাফটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রতিভাবান কৌতুক অভিনেতা রব বেকেট এবং রমেশ রঙ্গনাথন। অনুষ্ঠানটি সম্প্রচার করেছে বিবিসি ওয়ান।
‘অ্যাম আই বিয়িং আনরিজনেবল’ থেকে সেরা কমেডি অভিনেতা হিসেবে বাফটা পেয়েছেন লেনি রাশ। ‘ডেরি গার্লস’ থেকে সেরা কমেডি অভিনেত্রী হিসেবে বাফটা পেয়েছেন সিওবান ম্যাকসুইনি।
পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বাফটা পেয়েছেন ‘ব্যাড সিস্টারস’ থেকে অ্যান মেরি ডাফ। সেরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে বাফটা ঘরে তুলেছেন ‘দ্য ট্রেইটারস’ থেকে ক্লডিয়া উইংকেলম্যান।
একাত্তর/এসজে
