দুই বাংলার সিনেমা জগতে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমাজের নানা অসঙ্গতি আর সমস্যা নিয়ে কথা বলেন তিনি। তার সেসব পোস্ট ঘুরে বেড়ায় নেট দুনিয়ায়। কিছু দিন আগেই হাতি নিয়ে জয়া আহসানের এক পোস্টে ভাইরাল হয়েছিল, সেটির ফলও পেয়েছিলেন তিনি।
এবাব তিনি সরব হলেন কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে। নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন মাদরাসার এতিম শিশুদের বেদনার গল্প। জয়ার লেখাটি অনেকের পেজে ঘুরতেও দেখা যাচ্ছে।
গত ১৯ মার্চ নিজের ফেসবুকে সংগৃহীত একটি লেখা প্রকাশ করেছেন জয়া। ওই লেখায় উঠে এসেছে কওমি মাদরাসাগুলোর বাচ্চাদের করুণ দৃশ্য। ২২৮ শব্দের ওই পোস্টটি নিয়েই এখন জোর চর্চা। নানা মন্তব্য আর আলোচনা নিয়ে চায়ের কাপেও ঝড়।
তবে কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে সেই পোস্টটি জয়ার লেখা নয়, অভিনেত্রী নিজের বলেও দাবি করেননি। তিনি পোস্টটির শেষে যুক্ত করেছেন ‘কালেক্টেড’। এছাড়া সেই পোস্টটির নিচে তিনি যুক্ত করেন তার মতামতও।

তিনি লিখেন- ‘আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়’। এখন প্রশ্ন হলো অভিনেত্রীর শেয়ার করা সেই পোস্টটি কার লেখা, যার লেখার আবেগ ছুঁয়েছে অভিনেত্রী জয়া আহসানকে।
জানা গেছে, সেই পোস্ট করা ব্যক্তির নাম ফখরুল ইসলাম। জয়া আহসান তার লেখা পোস্টটিই শেয়ার করেছেন। কিন্তু তার নামটি উল্লেখ না করায় কিছুটা আক্ষেপের সুর তার ফেসবুক পেজে পাওয়া গেছে। তাই তিনি নিজের ফেইসবুক পেইজে লিখেছেন- লিখলাম আমি, ভাইরাল হলেন জয়া আন্টি। জয়া আহসান পোস্টটি শেয়ার করার দুই ঘণ্টার মাথায় ফখরুল ইসলাম নামের সেই ফেসবুক ব্যবহারকারী পোস্টটি নিজের বলে দাবি করে তার ওয়ালে লেখেন, ‘শেষ পর্যন্ত তিন পুরুষের ক্রাশ আমার পোস্ট কপি করল’ ।
আরও মজার বিষয় হলো- এই পোস্টটির জন্ম ২০২৩ সালের ২১ এপ্রিল। গত বছরের ওই পোস্ট ১৯ মার্চ নিজের পেজে শেয়ার দেন ফখরুল ইসলাম। লেখেন- ‘ঈদের ১ মাসও বাকি নেই। এবার কে কী করবেন আগে থেকেই প্ল্যান করে ফেলেন। এখন থেকেই আপনার এলাকায় খোঁজ নিন।’ তারপর দুই দিনের মাথায় জয়া আহসান এই পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়।’
এ বিষয়ে একাত্তরের সঙ্গে মুঠোফোনে কথা হয় ফখরুল ইসলামের সঙ্গে।
প্রাথমিকভাবে আক্ষেপ থাকলেও এখন তিনি বেজায় খুশি। তার উদ্দেশ্য সফল করতে জয়া আহসান যে তার পোস্টটি শেয়ার করে এগিয়ে এসেছেন সেজন্য তিনি অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
