টেক জায়ান্ট টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ইলন মাস্ক এর নির্বাহী বোর্ডে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও পরাগ আগারওয়াল।
সোমবার (১১ এপ্রিল) এক টুইটবার্তায় তিনি জানান, শনিবার সকালে টুইটারের বোর্ডে যোগ না দেয়ার সিদ্ধান্ত তাকে জানিয়েছেন ইলন।
গত ৪ এপ্রিল টুইটারের ৯ দশমিক এক শতাংশ শেয়ার কিনে নেন মাস্ক, যার ফলে তিনি হয়ে যান এর সবচেয়ে বড় অংশীদার। এরপরই তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ডের সদস্য হওয়ার ঘোষণা দেন।
শনিবার (৯ এপ্রিল) তার এ সদস্যপদ কার্যকরী হওয়ার কথা ছিল। সেটি হলে তিনি টুইটারের সাধারণ স্টকের ১৪ দশমিক ৯ শতাংশের বেশির মালিক হতে পারবেন না।
এ ব্যাপারে আগারওয়াল বলেন, বোর্ডে থাকুক বা না থাকুক, টুইটার সবসময় এর শেয়ারহোল্ডারদের মতামতকে গুরুত্ব দেবে। ইলন তাদের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং তার মতামতকে স্বাগত জানাবেন।
আগারওয়ালের টুইটের এক ঘণ্টা পর মাস্কও একটি টুইট করেন। তবে তাতে কিছু লেখা ছিল না, শুধু হাত দিয়ে মুখ ঢাকা একটি ইমোজি। যদিও পরে আবার সেই টুইট মুছেও ফেলেন তিনি।

আরও পড়ুন: ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন: প্রথম ধাপে ম্যাক্রোঁর জয়
গত কয়েকদিনে টুইটার নিয়ে বেশ কিছু পরিবর্তন পরামর্শ দিয়েছিলেন মাস্ক। এর মধ্যে ছিল টুইটার ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিসের দাম কমানো, বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা এবং ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েন ব্যবহার করে বিল পরিশোধ করার অপশন চালু করা।
এছাড়াও তার ৮১ মিলিয়ন টুইটার অনুসারীদের কাছে তিনি জানতে চান, টুইটার 'মারা যাচ্ছে' কিনা এবং এর হেডকোয়ার্টারকে আশ্রয়হীনদের আশ্রয় দেয়ার জন্য ব্যবহার করা উচিৎ কিনা।
