একসময় বাতাস ব্যবহার করে খাদ্য উৎপাদন করার স্বপ্ন দেখেছিল নাসা। এবার সেই স্বপ্ন পূরণ করার দাবি করেছে ফিনল্যান্ডের একটি প্রতিষ্ঠান।
কার্বন ডাই অক্সাইড, পানি ও বিদ্যুৎ ব্যবহার করে 'সোলিন' নামে প্রোটিন পাউডার তৈরির প্রযুক্তি আবিষ্কার করার দাবি করেছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান সোলার ফুডস।
ময়দার মতো দেখতে ও খেতে এই পাউডারে রয়েছে ৫০ শতাংশ প্রোটিন, ৫-১০ শতাংশ চর্বি এবং ২০-২৫ শতাংশ কার্বোহাইড্রেট।
শুরুতে প্রোটিন শেক এবং দই হিসেবে সোলিন পাউডার বাজারজাত করার পরিকল্পনা করছে সোলার ফুডস। এই পাউডারের উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ বলে দাবি করেছে তারা।

এতে প্রথমে কার্বন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করা হয়। এরপর শতভাগ নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহার করে এর সাথে পানি, ভিটামিন এবং পুষ্টি উপাদান মেশানো হয়।
আরও পড়ুন: জাপানি রেড আর্মির সহ-প্রতিষ্ঠাতা শিগেনবুর কারামুক্তি
সোলার ফুডসের দাবি, তাদের এই প্রক্রিয়া কৃষির সীমাবদ্ধতা থেকে সম্পূর্ণ মুক্ত, কেননা তাদের প্রোটিন পাউডার উৎপাদনে কৃষিজমি, বৃষ্টির পানি বা অনুকূল আবহাওয়ার প্রয়োজন নেই।
ইতোমধ্যে তারা মহাকাশে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থার সাথে কাজ করছে। এছাড়াও যেসব এলাকায় প্রতিকূল জলবায়ুর কারণে কৃষিকাজ অসম্ভব সেখানে খাদ্য উৎপাদনের কথা চিন্তা করছে বলে জানিয়েছে তারা।
