আটলান্টিকের অতলে নিখোঁজ হওয়া ছোট ডুবোজাহাজটির খোঁজে অভিযান নতুন মোড় নিয়েছে। এবার সাগরের নিচ থেকে আসা একটি শব্দের উৎসকে লক্ষ্য করে তল্লাশি অভিযান চলছে। তবে ডুবোজাহাজের ভেতরে থাকা পাঁচ যাত্রীর জন্য রক্ষিত অক্সিজেন ভান্ডার দ্রুত শেষ হয়ে আসছে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চালাতে হচ্ছে যৌথ উদ্ধারকারি দলের।
বুধবার সকালেই ডুবোজাহাজটির নিখোঁজ হওয়া নিয়ে নতুন তথ্য সামনে আসে। বোস্টন কোস্ট গার্ড জানায়, ডুবোজাহাজের খোঁজে যাওয়া একটি কানাডিয়ান উড়োজাহাজ নিখোঁজ এলাকায় পানির নিচে হওয়া একটি শব্দ শনাক্ত করেছে। এই শব্দ আধঘন্টা বিরতিতে পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে পাঁচ যাত্রী নিয়ে নিখোঁজ পর্যটক ডুবোজাহাজ থেকেই এই শব্দ আসছে।
আর সেই ধারণা থেকে শব্দটি লক্ষ্য করে অভিযান চলছে। রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ যাত্রীকে নিয়ে কানাডার উপকূলের নিউফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিকের গভীরে নেমেছিলো ছোট্ট ডুবোজাহাজ টাইটান। কিন্তু যাত্রা শুরুর এক ঘণ্টা ৪৫ মিনিট পর ‘মাদারশিপ’ পোলার প্রিন্সের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটানের।

নিখোঁজ ডুবোজাহাজে রয়েছেন ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান
তারপর থেকেই টাইটানের খোঁজে তোলপাড় আটলান্টিক। টাইটানের খোঁজ পেতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সমুদ্রের ওই এলাকায় টহল দিচ্ছে একাধিক তল্লাশি জাহাজ। পানির নিচে তন্ন তন্ন করে খুঁজছে অভিজ্ঞ ডুবুরিরা। নিখোঁজ যানটির খোঁজ পেতে বসানো হয়েছে বিশেষ এক শব্দতরঙ্গ গ্রাহক যন্ত্রও। সেই যন্ত্রগুলোতেই ধরা পড়েছে এই বিশেষ শব্দ।
তবে সেই শব্দ নাকি ক্রমেই ক্ষীণ হয়ে আসছে! সেই সঙ্গে কমে আসছে ডুবোজাহাজটির ভেতরে থাকার পাঁচ অভিযাত্রীর জন্য রাখা অক্সিজেনের মাত্রাও। যানটিতে মোট ছয় দিনের অক্সিজেন রাখা ছিলো। কিন্তু নিখোঁজে পর এরিমধ্যে কেটে গেছে তিন দিনের বেশি। ফলে তল্লাশি দলের হাতে টাইটানকে পাঁচযাত্রীসহ খুঁজে পাওয়ার সময়ও কমে আসছে দ্রুত।
আমেরিকান কর্মকর্তারা জানান, পানির নিচে টাইটানের শব্দ শোনার জন্য শব্দতরঙ্গ যন্ত্র লাগানো হয়েছিলো। সেই যন্ত্রেই এই বিশেষ শব্দ ধরা পড়েছে। যদিও সেই শব্দ নিখোঁজ যান থেকে আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই শব্দ ঠিক কি ধরনের, তা-ও স্পষ্ট হয়নি। তবে এই শব্দ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

টাইটানের ভেতরে আছেন ওশানগেট এক্সপিডিশনের সিইও স্টকটন রাশ
এই শব্দ শোনার পর থেকে সমুদ্রের নিচে রোবট নামানো হয়েছে। শব্দের উৎস অনুসন্ধানের চেষ্টা করতেই সমুদ্রের তলায় রোবট নামানো হয়েছে। বেশ কয়েকটি রোবট শব্দের উৎস অনুসন্ধানে ব্যর্থ হলেও, রোবট দিয়ে তল্লাশি অভিযান চালু থাকবে। আরও বেশি সংখ্যায় শব্দতরঙ্গ শোনার যন্ত্র পানির নিচে নামনো হয়েছে। যাকে করে ক্ষীণতম শব্দও শোনা যায়।
মঙ্গলবার দুপুরের পর একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড কর্মকর্তা জেমি ফ্রেডেরিক বলেন, তাদের বাহিনীর সদস্যরা ‘ঘড়ির সাথে পাল্লা দিয়ে’ ডুবোজাহাজটি খুঁজছে, কিন্তু এখনো কোন ফলাফল আসেনি। এটি হচ্ছে বিশাল এলাকা জুড়ে জটিল এক অভিযান। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড, নৌবাহিনী ছাড়াও কানাডার একাধিক দল ডুবোজাহাজটির অনুসন্ধান করে যাচ্ছে।
ডুবোজাহাজটি খুঁজতে তিনটি সামরিক বিমান পাঠিয়েছে পেন্টাগন। গভীর সমুদ্রে কাজ করে এ রকম বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। রিমোট সাব মার্সিবলবাহী একটি বাণিজ্যিক জাহাজ, ডিপ এনার্জি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। আটলান্টিকের ২০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

ডুবোজাহাজের যাত্রীদের মধ্যে আছেন ব্রিটিশ কোটিপতি ব্যবসায়ী হ্যামিশ হার্ডিং
‘ওশেনগেট এক্সপিডিশনস’ নামে এক বেসরকারি সংস্থা ডুবোজাহাজের মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে নিয়ে যায় পর্যটকদের। কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে সেই সাবমেরিনটির যাত্রা শুরু করে। কিন্তু সোমবার রাতে ওশেনগেট জানায়, ডুবোজাহাজটির সঙ্গে তাদের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুলি পল-হেনরি নারজিওলেট
পাঁচ জন পর্যটক এবং কয়েকজন ক্রু সদস্য আছেন টাইটানে। কানাডার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছের এক জায়গায় উধাও হয়ে গিয়েছে ডুবোজাহাজটি। সোমবার থেকে সেটির খোঁজে ব্যাপক অভিযান চলছে। বোস্টন কোস্ট গার্ড এই অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।
যানটিতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এঁদের মধ্যে রয়েছেন কোটিপতি ব্যবসায়ী হ্যামিশ হার্ডিং থেকে শুরু করে শাহজাদা দাউদ। পুত্র সুলেমানের সঙ্গে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন শাহজাদা। আছেন ৭৭ ভচরের ফরাসি ডুবুরি পল-হেনরি নারজিওলেট। আর ওশেনগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ।
একাত্তর/এআর
