যুক্তরাষ্ট্রে ১৮ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেলো চার জুলাই এক পার্টি থেকে ফেরার পর শিশুটিকে রাতভর একটি গরম গাড়িতে রাখা হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়। শিশুটিকে রাত ৩টা থেকে সকাল ১১টা পর্যন্ত গাড়িতে একা রাখা হয়েছিল, এসময় গাড়ির ভেতরের তাপমাত্রা ছিল ১০৫ ডিগ্রি।
পোল্ক কাউন্টি শেরিফ গ্র্যাডি জুডের বরাতে মার্কিন সংবামাধ্যম সিএনএন জানিয়েছে, জোয়েল এবং জেসমিন দম্পতি তাদের তিন সন্তানকে সাথে নিয়ে একটি পার্টিতে যান। তাদের তিন সন্তানের সবার বয়স ৯ বছরের কম। তারা রাত ৩টার দিকে বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পর, জেসমিন বড় দুই শিশুকে বাড়িতে নিয়ে যান এবং তার স্বামীকে তাদের ছোট মেয়েকে ভেতরে নিয়ে আসতে বলেন।
জোয়েল জানান, ফিরে আসার পর গাড়ির একটি দরজা খোলা ছিল। তিনি বাড়ির ভেতরে খাবারের ট্রে নিয়ে আসেন। তিনি যখন আবার বাইরে ফিরে যান, তখন দেখেন গাড়ির চারটি দরজাই বন্ধ এবং তিনি ধরেই নিয়েছিলেন যে তার স্ত্রী ইতিমধ্যে বাচ্চাটিকে ভেতরে নিয়ে গেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, জোয়েল ভেতরে গিয়ে তার স্ত্রীর সাথে বিছানায় ঘুমিয়ে পড়েন। কিন্তু শিশুটিকে বাড়ির ভেতরে নিয়ে আসা হয়েছে কিনা, সে বিষয়ে স্বামী বা স্ত্রী কেউই একে অপরকে জিজ্ঞাসা করেননি।
পরের দিন সকাল ১১টার দিকে জোয়েল অফিসে যাওয়ার আগে শিশুটিকে খুঁজতে থাকেন। তারপরে বাইরে গিয়ে দেখেন শিশুটিকে তখনও গাড়িতে রয়েছে এবং প্রতিক্রিয়াহীন অবস্থায় পড়ে আছে।

সিএনএন বলছে, এসময় ওই দম্পতি দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী শিশুটিকে এক অর্থে হত্যা করা হয়েছে। গাড়িতে রেখে যাওয়ার কারণে হাইপারথার্মিয়া হয়ে তার মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার পর ওই দম্পতির মাদক পরীক্ষা করা হলে জোয়েলের শরীরে মেথ, গাঁজা ও মদ এবং জ্যাজমিনের শরীরে গাঁজা ও মদ শনাক্ত করা হয়।
শিশু হত্যার অভিযোগে গেলো বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
একাত্তর/আরবিএস
