হঠাৎ করেই সিংহাসন ত্যাগের ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানী দ্বিতীয় মাগ্রেথ। সোমবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে টেলিভিশন ভাষণে আশ্চর্যজনকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রানী জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে ১৮ জানুয়ারি পদত্যাগ করবেন। আর সিংহাসন হস্তান্তর করা হবে ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে।
মাগ্রেথ গত ৫২ বছর ধরে ডেনমার্কের রানী। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই ইউরোপের সবচেয়ে দীর্ঘকালীন রানী।
৮৩ বছর বয়সী এই রানী ১৯৭২ সালে তার পিতা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।
২০২৩ সালে তার পিঠের অস্ত্রোপচারের পর তিনি দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রানী। তিনি বলেন, অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলাম যে, পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে কিনা।
‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনি সঠিক সময়,’ বলেন তিনি। একইসঙ্গে এত বছর ধরে সমর্থনের জন্য ডেনমার্কের জনসাধারণকে ধন্যবাদ জানান।
দীর্ঘ ৫ দশক ধরে সেবা দেয়ার জন্য রানীকে ধন্যবাদ জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, আজীবন উৎসর্গ করে রাষ্ট্রের কল্যাণে অক্লান্ত পরিশ্রমের জন্য সমগ্র জাতির পক্ষ থেকে রানীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
নতুন দায়িত্ব নিতে যাওয়া ৫৫ বছর বয়সী ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের জন্য কোনো আনুষ্ঠানিক মুকুট পরানোর অনুষ্ঠান হবে না। এর পরিবর্তে কোপেনহেগেনের অ্যামালিয়ানবার্গ রাজপ্রাসাদ থেকে উত্তরসূরি ঘোষণা করা হবে। এরপরই তিনি ডেনমার্কের রাজা এবং দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।
ইউরোপের কয়েকটি দেশের মতো নরডিক দেশ ডেনমার্কে এখনো সাংবিধানিক রাজতন্ত্র টিকে আছে। আর তাদের রানী মাগ্রেথ জনগণের মধ্যে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। ডেনিশদের আশা ছিলো, তাদের রানী আমৃত্যু সিংহাসনে থাকবেন।

ডেনমার্কের সাংবাদিক টিনা গোটশে বিবিসিকে বলেছেন, ‘আপনাদের (ব্রিটিশ) কাছে যেমন রানি এলিজাবেথ ছিলেন, মাগ্রেথও আমাদের কাছে সেইরকমই।’
২০২২ সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু পর তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রানী মাগ্রেথ। একই বছরে তারা সিংহাসন লাভের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছিলেন।
ডেনমার্কের আইনে নারী রানী হওয়ার পথে বাধা ছিলো। কিন্তু মাগ্রেথ ছিলেন সিংহাসনের উত্তরাধিকার। তার ১৩ বছর বয়সে নারীদের সিংহাসন গ্রহণের অনুমতি দিয়ে ডেনিশ আইনে পরিবর্তন আনা হয়।
পেলের মেয়ে বলে দাবি, পরীক্ষায় নেগেটিভ
১০০ বিলিয়ন ডলার ক্লাবের প্রথম নারী মেয়ার্স