ভারতীয় রাজনীতিতে কি নরেন্দ্র মোদী যুগের অবসান, গেলো লোকসভা নির্বাচনের পর থেকেই দেশটিতে এমন আলোচনা বাড়ির ড্রয়িং রুম থেকে ফুটপাতের চায়ের স্টলে। এর বড় কারণ ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের বিস্ময়কর প্রত্যাবর্তন। সেই সঙ্গে নেতা হিসাবে রাহুল গান্ধীর উত্থান।
এরিমধ্যে রাহুল গান্ধীকে ভারতের আগামী কাণ্ডারি হিসাবেই দেখতে শুরু করেছেন দেশটির তরুণ প্রজন্ম থেকে বর্ষীয়ান নাগরিকরাও। বার বার বিজেপির কূট রাজনীতির শিকার হলেও, ভোটের মাঠে সেই প্রতিশোধ নিয়েছেন রাহুল। এখন তিনি দেশটির বিরোধী দলীয় নেতা, তার কারিশমা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি।
নিত্যদিন রাহুল গান্ধীকে কটাক্ষ করে পোস্ট করেন কঙ্গনা রানাউত। কখনও ‘পাপ্পু’ আবার কখনও তার জাত-ধর্ম নিয়ে আক্রমণাত্মক পোস্ট করেন বিজেপির তারকা সংসদ সদস্য। এবার রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তার ভূয়সী প্রশংসা করলেন বলিউডের বড় তারকা সাইফ আলি খান।
সেই সঙ্গে নিন্দুকদের কড়া কথা শোনাতেও পিছপা হননি এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বই পড়া ও গান বাজনার চর্চার মধ্যে থাকলেও রাজনীতি নিয়েও যথেষ্ট সচেতন সাইফ। তাই এক আলোচন সভায় বক্তব্য দিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সাইফ।
ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একজন সাহসী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে প্রশংসার বান ছুটিয়েছেন।

অভিনেতার মতে, রাহুল গান্ধী খুবই সাহসী একজন রাজনৈতিক নেতা।
সাইফ আলি জানান, রাজনীতির ময়দানে থাকলে নানা রকম কটাক্ষ ধেয়ে আসে। রাহুল এই ধরনের কটাক্ষ খুবই সাবলীলভাবে সামাল দেন বলে মনে করেন তিনি।
সাইফ আলি খান বলেন, আমি সাহসী ও সৎ রাজনীতিকদের পছন্দ করি। রাহুল চমৎকারভাবে সব কিছু মোকাবেলা করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল- এঁদের মধ্যে কে সবচেয়ে সাহসী রাজনীতিক? ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে কোন রাজনীতিক নেতৃত্ব দিতে সক্ষম, এই প্রশ্ন করতেই সাইফ জানান, তার চোখে সবাই সাহসী।
তবে, আলাদা করে রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করতে থাকেন তিনি। সাইফ বলেন, আমার মনে হয় রাহুল গান্ধী যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি সমালোচনাকে দারুণভাবে গ্রহণ করেন এবং একইভাবে মোকাবেলা করেন। অতীতের সব অসম্মানকে ফিরিয়ে দেয়ার জন্যও রাহুলের প্রশংসা করেন সাইফ।
কংগ্রেস নেতা সম্পর্কে সাইফ বলেন, রাহুল গান্ধীও যথেষ্ট ভালো কাজ করেছেন। একটা সময় ছিলো, তিনি যখনই কিছু করতেন বা বলতেন, তা নিয়ে হাসিঠাট্টা করত মানুষ। বহু অসম্মান করা হয়েছে তাকে। কিন্তু অদ্ভুতভাবে কঠোর পরিশ্রম করে সেই সমালোচনার মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।
সাইফের এই বক্তব্যের ভিডিও কংগ্রেস মুখপাত্র শামা মোহম্মদ তার এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভাইরাল।
শামা লেখেন, সাইফ আলি খান এই ভিডিওতে রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি যা বলেছেন, একেবারে সঠিক। কঠোর পরিশ্রমের মাধ্যমে তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন রাহুল।

পলিটিক্যাল থ্রিলার ‘তাণ্ডব’ সিরিজে যখন প্রধানমন্ত্রী পদের উত্তরসূরির ভূমিকায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, তখন অনেকেই তার চরিত্রের সঙ্গে রাহুল গান্ধীর মিল খুঁজে পেয়েছিলেন। তবে তা নিয়ে কোনও দিন খোলাখুলি কথা বলেননি বলিউডের নবাব। এবার প্রকাশ্যেই রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সাইফ।
বছরখানেক আগে, সিমি আগারওয়ালের এক টকশোতে রাহুল গান্ধীর সঙ্গে ‘ডেটে’ যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন করিনা কাপুর। তখনও অবশ্য তিনি নবাবের বেগম হননি। এবার স্বামী সাইফ আলি খানের মুখে কংগ্রেস নেতার ভূয়সী প্রশংসার কথা শোনা গেলো। এতে নিশ্চয়ই খুশি কারিনা কাপুরও।
অভিনেতা সাইফ আরও বলেছিলেন, তিনি রাজনীতিতে যোগ দিতে চান না। তিনি কাকে সমর্থন করেন সে সম্পর্কে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেননি। সাইফ বলেন, আমি অরাজনৈতিক হতে চাই। এবং আমি মনে করি দেশটি বেশ স্পষ্টভাবে কথা বলেছে। আমি খুশি যে, ভারতে গণতন্ত্র বেঁচে আছে এবং উন্নতি করছে।
কেরালায় দ্বিতীয় ব্যক্তির দেহে এমপক্স শনাক্ত