ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার তেহরান সফরে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। খবর রয়টার্স।
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাঘাই এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঘাই জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান সরকার যে ধারাবাহিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে, সেনাপ্রধানের এই সফর তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তেহরান সফরকালে জেনারেল আসিম মুনির ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে ও উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে পাকিস্তান উভয় দেশের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেনাপ্রধানের এই ঝটিকা সফর দুই দেশের মধ্যস্থতায় চলমান কূটনীতিকে আরও বেগবান করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
