পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপের কাছে দুটি ইরানি বেসামরিক মাছ ধরার ট্রলারে অন্যায়ভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ট্রলারের এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় ও প্রাদেশিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ইরানের হরমুজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপ-গভর্নর আহমেদ নাফিসি এক বিবৃতিতে জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ এ আক্রমণের ঘটনা ঘটে। কাশম কাউন্টির উপকূলীয় মাসান গ্রাম থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সীমানায় এই হামলা চালানো হয়।
উপ-গভর্নর নাফিসি জানান, দুটি ট্রলারের প্রতিটিতে দুজন করে মোট চারজন জেলে অবস্থান করছিল, যারা মার্কিন বাহিনীর আকস্মিক হামলার শিকার হন। আক্রমণের পর দুজনকে উদ্ধার করে কাশম দ্বীপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। উদ্ধারদের মধ্যে আঘাতপ্রাপ্ত এক জেলেকে তাত্ক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ বাকি দুই জেলেকে উদ্ধারে হরমুজগান উপকূলীয় এলাকায় উদ্ধারকারী দল ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
নাফিসি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত পাওয়ার পর দ্রুতই সম্পূরক প্রতিবেদন প্রকাশ করা হবে।
উল্লেখ্য, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বেসামরিক ইরানি সমুদ্রযান ও স্থানীয় জেলেদের ওপর মার্কিন নৌবাহিনীর এ জাতীয় আক্রমণ নতুন কিছু নয়। তেহরানের পক্ষ থেকে অঞ্চলে ওয়াশিংটনের বেআইনি সামরিক উপস্থিতির বারবার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থানীয় উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। ইরানি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন যে, ইকোনমিক জোন এবং আঞ্চলিক জলসীমায় মার্কিন বাহিনীর বেসামরিক জাহাজে হস্তক্ষেপ বা টহল দেওয়ার কোনো বৈধ এখতিয়ার নেই।
তথ্যসূত্র: প্রেস টিভি
