যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে খাদ্য সহায়তাবাহী একটি গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) নগরীর তেল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় গাড়িটিতে প্যাকেটজাত খাবার ও পানীয় ছিল। প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, শিশুদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য গাড়িটি সবেমাত্র থামতে যাচ্ছিল, ঠিক তখনই একটি ক্ষেপণাস্ত্র এটিতে আঘাত হানে। হামলার পর গাড়িটির চারপাশে রান্না করা ভাতের প্যাকেট ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় এবং এর ভেতরে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)-এর লোগোযুক্ত কাগজপত্র ছিল।

তবে এক বিবৃতিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন স্পষ্ট করেছে, হামলার শিকার গাড়িটির সঙ্গে তাদের সংস্থার কোনো সংশ্লিষ্টতা ছিল না। সংস্থাটি জানায়, গাড়ির চালক অতীতে একসময় তাদের হয়ে কাজ করতেন, তবে ভেতরে থাকা অন্য দুজন তাদের কর্মী ছিলেন না।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন থেকে আরও জানা যায়, একই দিন উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণের খান ইউনিসে আলাদা এক হামলায় আহত হয়েছেন তিনজন।
যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০২৫ সালের অক্টোবরে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মী নিহত হয়েছিলেন।
সূত্র: আল জাজিরা
