তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বনেতাদের হাই-লেভেল হাইলাইটস পর্ব। সম্মেলনে অংশ নেওয়া প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা এমন এক সময়ে বৈঠকে বসেছেন, যখন বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমার কোনো জোরালো লক্ষণ নেই এবং বিশ্বজুড়ে যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও অন্যান্য ভূরাজনৈতিক সংকটের ভিড়ে জলবায়ু ইস্যুটি প্রতিনিয়ত রাজনৈতিক মনোযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে।
সম্মেলনের সূচি অনুযায়ী, বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বিশ্বনেতাদের দ্রুতগতির মূল বক্তব্য পর্ব। বক্তব্য রাখা শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের সদ্য পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হাইনে।
তবে বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক নির্গমনকারী দেশ হওয়া সত্ত্বেও টানা দ্বিতীয় বছরের মতো এতে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসায় এবারের আয়োজনেও মার্কিন অনুপস্থিতি স্পষ্ট।
সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক বিশ্বজুড়ে মোট শক্তি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের অবদান বৃদ্ধির প্রস্তাবকে চুক্তির কেন্দ্রে রাখার চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো, ২০৩৫ সালের মধ্যে মোট বিশ্বব্যাপী জ্বালানি ব্যবহারের মধ্যে বিদ্যুতের শেয়ার ৩৫ শতাংশে উন্নীত করা, যা বর্তমানে মোট ব্যবহারের এক-পঞ্চমাংশের কিছু বেশি। এর মাধ্যমে গাড়ি, কারখানা ও বাসা-বাড়ির কার্বন নির্গমন কমানোর আশা করা হলেও সমালোচকরা বলছেন, নতুন এই বিদ্যুৎ পরিষ্কার বা নবায়নযোগ্য উৎস থেকেই তৈরি হবে—এমন নিশ্চিত বাধ্যবাধকতা না থাকায় জলবায়ু উষ্ণতা পুরোপুরি থামানো সম্ভব নয়।
এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার জোরালো তাগিদ দিয়ে বলেছেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টিকে আর বাধা বা জটিলতা হিসেবে দেখার দিন শেষ। তিনি দেশগুলোকে একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণের অনুরোধ জানান।
জলবায়ু সম্মেলনের সাবেক সভাপতি লরেন্ট ফ্যাবিয়াস জানান, এবারের সম্মেলনে কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের কৌশল স্পষ্ট করাই হবে নেতাদের প্রধান কাজ। এদিকে গত কপে ঐক্যমত্য না হলেও ব্রাজিল জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে কমানোর জন্য একটি স্থায়ী রোডম্যাপ প্রস্তাব করেছে; যার অধীনে ২০২৮ সালের মধ্যে শক্তি ব্যবস্থার মূল্যায়ন সম্পন্ন করে ২০৩১ সাল থেকে জীবাশ্ম জ্বালানি সরবরাহ ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো ইরান