নানা বিতর্ককে সঙ্গী করে দিল্লি যাচ্ছেন বালেন্দ শাহ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ‘জেন-জি’ অভ্যুত্থানে কে পি শর্মা ওলির সরকারের পতনের ছয় মাস পর গত মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয়ে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ শাহ।

রোববার দুই দিনের সফরে ভারতের রাজধানীতে পৌঁছাবেন র‍্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৬ বছর বয়সী এই নেতা; সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের নেতৃত্বের সঙ্গে বিশাল প্রতিবেশী ভারতের এই প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা দুই দেশের সম্পর্কে ‘রিসেট’ বা নতুন সূচনার আশা জাগিয়েছে।


আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ বা এয়ার করিডোর চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসন সহায়তা প্যাকেজের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

ওই বন্যায় হিমালয়ঘেঁষা দেশটিতে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন; সরকার পুনর্বাসনে প্রায় ৫০০ কোটি ডলারের প্রয়োজনীয়তা প্রাক্কলন করলেও এখন পর্যন্ত পাওয়া আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি প্রত্যাশার চেয়ে কম।

এক হাজার ৭৫০ কিলোমিটারের বেশি খোলা সীমান্ত, গভীর সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক এবং ৯ বিলিয়ন ডলারের বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য, যার ভারসাম্য ভারতের দিকে বেশি ঝুঁকে থাকায় কাঠমান্ডুতে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে, এসবের মাঝেই জলবিদ্যুৎ খাত বড় সহযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে।


নেপাল থেকে ভারত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন দিয়েছে এবং তা আরও বাড়াতে চায়; ভারতের মধ্য দিয়ে বাংলাদেশেও নেপালের বিদ্যুৎ রপ্তানির সুযোগ রয়েছে।

পাশাপাশি লুম্বিনির কাছে ভৈরহাওয়ায় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর ও পর্যটনকেন্দ্র পোখরার নতুন বিমানবন্দরে পশ্চিমাঞ্চল থেকে বড় উড়োজাহাজ চলাচলের জন্য ভারতের অতিরিক্ত আকাশপথ ব্যবহারের দীর্ঘদিনের দাবি রয়েছে নেপালের, যদিও এই দুটি বিমানবন্দর নির্মাণে চীনের সম্পৃক্ততা ও অর্থায়ন নিয়ে দিল্লির সতর্কতার গুঞ্জন রয়েছে।

ভারত ও চীনের মাঝখানে কৌশলগত বাফার হিসেবে অবস্থিত নেপালে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় দুই এশীয় পরাশক্তির বিরুদ্ধেই অতীতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। ২০১৯ সালে ভারত বিতর্কিত পশ্চিম সীমান্তের এলাকা অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করলে তীব্র কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয় এবং নেপালও পাল্টা মানচিত্র প্রকাশ করে।


বিশ্লেষক কনক মণি দীক্ষিত এবারের সফরে সীমান্ত ইস্যুতে আলোচনা শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন। ভারত সফরের আগে বেইজিংয়ে সরাসরি না গেলেও ১৫ নভেম্বর থেকে ১১ দিনের সফরে দলের ২০ জন এমপির একটি প্রতিনিধিদল চীনে পাঠিয়েছেন বালেন্দ শাহ, যা দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

নেপালের সাবেক রাষ্ট্রদূত রঞ্জিত রায় মনে করছেন, নতুন নেপালি নেতৃত্ব অতীতের রাজনৈতিক বোঝা ছাড়াই উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্বে বেশি বাস্তববাদী মনোভাব দেখাচ্ছেন। তবে কনক মণি দীক্ষিত সতর্ক করেছেন, বালেন্দ শাহ ও তাঁর উপদেষ্টারা তরুণ ও উদ্যমী হলেও পররাষ্ট্রনীতিতে অভিজ্ঞতার ঘাটতি ও রাষ্ট্রীয় গাম্ভীর্যের অভাব রয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ অমান্যের অভিযোগে পুলিশ প্রধান দান বাহাদুরকে সরানো এবং সংবাদ প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের আটকে পুলিশ পাঠানোর ঘটনায় দেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব ও শাসনব্যবস্থা নিয়ে সমালোচনার মুখেও রয়েছেন তিনি। ফলে দিল্লি থেকে আর্থিক সহায়তার সুস্পষ্ট প্রতিশ্রুতিসহ দৃশ্যমান ফল নিয়ে ফিরতে পারাই হবে বেলেন্দ শাহের এই সফরের আসল পরীক্ষা।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করে...
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর