৯ মাস ধরে চলা সংঘাতে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বার্তা।
একদিকে ইসরাইল বলছে, মার্কিন সামরিক সহায়তা ছাড়াই তারা এককভাবে ইরানে হামলা চালাতে প্রস্তুত; অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বিশেষ দূত জ্যারেড কুশনার স্পষ্ট সুরে বলেছেন, ইসরায়েলের উচিত চিরস্থায়ী যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নেয়ার মুখে এই ভিন্নমুখী বক্তব্য সামনে এলো, যেখানে ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতির খবর এবং তেহরানের সম্ভাব্য আকস্মিক হামলার শঙ্কাও ঘুরপাক খাচ্ছে।

ইসরাইলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান’কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া নিজেদের মতো করেই যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। তাঁর দাবি, ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্য থেকে ইরান সরে আসেনি, যদিও সাধারণ জনগণের জন্য সামরিক নির্দেশিকায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগেই নতুন সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরতে চলতি মাসের শুরুতে মোসাদ প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন নেতানিয়াহু, আর বৃহস্পতিবারের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক নিয়ে নানা গুঞ্জন চললেও এখনো কোনো অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই প্রেক্ষাপটে বুধবার জার্মান ব্যবসায়ী মাতিয়াস ডফনারের পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবেই নিজের অবস্থান জানান কুশনার। তাঁর মতে, ইসরাইলকে নিরন্তর যুদ্ধের মানসিকতা ছাড়তে হবে এবং অর্থনৈতিক কূটনীতির পথে হাঁটতে হবে; গাজা নীতি না বদলালে ইসরাইলের বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকি নিয়ে নিউইয়র্ক ম্যাগাজিনে দেয়া সতর্কবার্তার মাত্র দুই দিন পরই এই মন্তব্য করলেন তিনি।
অবশ্য যুদ্ধের মানসিকতা ছাড়ার আহ্বানের মানে এই নয় যে, ওয়াশিংটন সামরিক বিকল্প পুরোপুরি বাদ দিয়েছে, একই সাক্ষাৎকারে নতুন মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কুশনার জানান, ট্রাম্প সব সময়ই সব বিকল্প টেবিলে রাখেন, পাশাপাশি ইরানি প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিকবার সাক্ষাতের কথাও স্বীকার করেন তিনি।

নেতানিয়াহুর এই তড়িঘড়ির পেছনে নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতি ও ওয়াশিংটনের সময়সূচির হিসাবও কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মনে করছেন ইরান তাদের ক্ষেপণাস্ত্র মজুত ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে এবং আরও হামলার মুখে পড়ার মতো অবস্থায় রয়েছে।
তবে স্বয়ং ইসরাইলের ভেতরেই এই তাড়া নিয়ে প্রশ্ন রয়েছে, সামরিক প্রধান ইয়াল জামির ও মোসাদের গবেষকদের একাংশ তাৎক্ষণিক আরেকটি অভিযানের প্রয়োজনীয়তা দেখছেন না, বরং কেউ কেউ তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে।

অন্যদিকে, ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টার মাঝে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় থাকার মেয়াদ দীর্ঘায়িত করতে বা প্রতিদ্বন্দ্বীদের জাতীয় ঐক্যের সরকারে বাধ্য করতেই নতুন সংঘাত চাইছেন তিনি; নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানও তাৎক্ষণিক হামলার গোয়েন্দা যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পঞ্জিকার হিসাব, জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা থাকায় ইসরাইলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, আরেকটি অভিযানে মার্কিন সহায়তা পাওয়ার সুযোগ হয়তো সংকুচিত হয়ে আসছে। ফলে তর্কটা এখন শুধু ইরানের হুমকি নিয়ে নয়, বরং এই মুহূর্তে আরেকটি যুদ্ধ আদৌ জরুরি কি না, আর দীর্ঘমেয়াদি নিরাপত্তায় সামরিক সংঘাত নাকি আঞ্চলিক কূটনীতি বেশি কার্যকর, সেই বড় প্রশ্নেই আটকে আছে পুরো সমীকরণ।
তথ্যসূত্র: গালফ নিউজ
