ইচ্ছাটা থাকে প্রবল, কিন্তু ঘুমের রাজ্যে হারিয়ে গিয়ে কখন যে সূর্যের আলো জানালার ফাঁক গলে ঢুকে পড়ে, টেরই পাওয়া যায় না, ফজরের নামাজে সময়মতো ওঠার লড়াইটা এমনই চেনা আর কঠিন। অথচ ফজরের নামাজ মুমিনের জন্য ওয়াজিব এবং আল্লাহর ইবাদতের এক অপরিহার্য অংশ; মহানবী বলেছেন, মানুষ যদি এশা ও ফজরের নামাজের সওয়াব জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও এর জন্য উপস্থিত হতো।
ধরুন, কাল ভোর ৫টায় আপনার ফ্লাইট- তখন কি আপনি হাল ছেড়ে দিতেন? নিশ্চয়ই না; অগ্রাধিকার ঠিক করলে সবই সম্ভব। আর প্রতিদিনের সেই রুটিনে শৃঙ্খলা ফেরাতে নিয়ত, ঘুমের অভ্যাস ও সুন্নাহর সমন্বয়ে সাজিয়ে নেওয়া যায় এক দারুণ কার্যকর জীবনধারা।

ভোরের ডাকে সাড়া দেওয়ার আসল চাবিকাঠি লুকিয়ে আছে আন্তরিক নিয়ত ও আল্লাহর কাছে দোয়ায়। প্রতি রাতে ঘুমানোর আগে স্পষ্ট নিয়ত করা এবং আল্লাহর সাহায্য চাওয়া জরুরি, কারণ মানুষের ইমান ও উদ্যম কখনো বাড়ে, কখনো কমে। এর সঙ্গে যুক্ত হতে হবে সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস, রাত ১১টা-১২টা পর্যন্ত জেগে থাকলে পরদিন ভোরে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে রাত ১০টার মধ্যে ঘুমালে ভোর ৫টায় সহজেই ওঠা যায়, এমনকি তাহাজ্জুদের সময়ও মেলে। রাত ৯টার পর ফোন ও গ্যাজেট দূরে রাখলে নীল আলোর ক্ষতিকর প্রভাব এড়িয়ে ঘুমের মানও ভালো হয়; তার বদলে বই পড়া বা দিনের হিসাব-নিকাশ লিখে রাখলে মন শান্ত হয়। পাশাপাশি ভারী, ভাজাপোড়া বা জাঙ্ক ফুড এড়িয়ে চললে সকালে শরীর ভারী ও অবসন্ন লাগে না, বরং সুন্নাহ মেনে খেজুর, মধু বা ফল রাখা যেতে পারে খাবারে।
ঘুমানোর আগের কয়েকটি আমলও সকালের জাগরণকে অনেক সহজ করে দেয়। নবীজি (সা.) প্রতিদিন অসংখ্যবার ইস্তিগফার করতেন [সহিহ বুখারি]; তাই প্রতিদিন অন্তত ৭০ বার ‘আস্তাগফিরুল্লাহ’ পড়ে তওবার মাধ্যমে অন্তর পরিষ্কার রাখা উচিত। ঘুমানোর আগে কারও প্রতি মনে কোনো ক্ষোভ বা কষ্ট না রেখে সবাইকে ক্ষমা করে দিলে মন হালকা থাকে, যেমনটি এক সাহাবির জান্নাতি হওয়ার পেছনে প্রতি রাতে সবাইকে ক্ষমা করার অভ্যাস কাজ করেছিল।

ঘুমানোর আগে অজু করা, ডান কাতে শোয়া, তিন কুল (সুরা ইখলাস, ফালাক ও নাস) পড়ে হাতে ফুঁ দিয়ে শরীরে বুলিয়ে নেয়া এবং আয়াতুল কুরসি পাঠ করার কথাও হাদিসে এসেছে; আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত শয়তানের প্রভাব থেকে সুরক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত থাকেন [সহিহ বুখারি]।
আর ঠিক ঘুম ভাঙার পরের মুহূর্তেই আসল পরীক্ষা। হাদিস অনুযায়ী, ঘুমন্ত মানুষের মাথার পেছনে শয়তান তিনটি গিঁট দেয়, ঘুম থেকে উঠে ‘আলহামদুলিল্লাহ’ বললে একটি গিঁট খুলে যায়, অজু করলে দ্বিতীয়টি, আর নামাজ পড়লে সব কটি গিঁট খুলে গিয়ে মানুষ ফুরফুরে ও প্রাণবন্ত হয়ে ওঠে [সহিহ বুখারি]। বাড়তি একটি কাজ হলো ঘুম থেকে উঠে আশপাশের অন্যদেরও জাগিয়ে তোলা, অন্যকে জাগালে নিজের নিয়মিত ওঠার অভ্যাসও মজবুত হয়। মাঝেমধ্যে কোনো দিন গাফিলতি হয়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ চেষ্টা চালিয়ে যাওয়াই আসল—আর মহান আল্লাহ তো পরম ক্ষমাশীল ও অতি দয়ালু [সুরা হিজর, ১৫:৪৯]।
তথ্যসূত্র: দ্য মুসলিম ভাইব
