কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মধ্যরাতে সংঘটিত এই নাশকতার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি নুসরাত একে আওয়ামী লীগের পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন।

গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বিকট শব্দের পর গবাদিপশু রাখার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেশ কিছু ছাগল ও মুরগি মারা গেছে এবং সেখানে থাকা একটি অসহায় পরিবারের একটি শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি নুসরাত তাবাসসুম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি ব্লাস্টের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধরন ও প্রকৃতি দেখে এটি স্পষ্টতই পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে।

হামলার পেছনে রাজনৈতিক যোগসূত্রের কথা উল্লেখ করে এমপি নুসরাত জানান, এই ঘটনার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি হুমকি ও সতর্কতামূলক পোস্ট দেয়া হয়েছিল। এর আগে গত ২৮ অক্টোবর একটি স্প্যাম নম্বর থেকেও তাঁর কাছে হুমকি কল আসে, যার জিডি তিনি ঢাকার কলাবাগান থানায় করেছিলেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন এই হামলার পেছনে সরাসরি আওয়ামী লীগ জড়িত।
বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি নয়। এই বাড়িতেই তাঁর শৈশব কেটেছে, তাঁর বাবা-মা ও দাদা-দাদির স্মৃতি জড়িত। সেখানে তাঁর গবাদিপশুর খামার এবং একটি কেয়ারটেকার পরিবার বসবাস করত।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নুসরাত বলেন, বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে সাধারণ ও অসাধারণ বলে কিছু নেই। সংসদ সদস্য কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের জীবনও আজ অনিরাপদ। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয় এবং ততক্ষণে সবকিছু পুড়ে যায় বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।
