‘সরকার বা জনগণের পক্ষে নয়, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে তথ্য কমিশন’

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, ‘তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, বরং সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথচলার প্রথম পদক্ষেপ শুরু হলো। প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় কমিশনকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনের জনবল সংকটের কথা তুলে ধরে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জানান, ১৫ তলাবিশিষ্ট কমিশন ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এত স্বল্প জনবল নিয়েই সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

তথ্য কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অনিষ্পন্ন অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে ২০০টির বেশি নতুন অভিযোগ জমা পড়েছে।

প্রধান তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মী, বিষয়বস্তু নির্মাতা ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন ও বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলায় সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর ঝুঁকিও বেড়েছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় এখানে কাজের পাহাড় জমেছে। এই সংকট উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করা এবং সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/কেআই
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও বিপ্লবের স্মরণে দেশজুড়ে...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন ও সংঘর্ষের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই মাস জুড়ে আগের নির্ধারিত দর অনুযায়ীই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি হবে।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া বা জনগণকে হুমকি দেওয়ার সুযোগ বন্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনের সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রশ্রয়ে দেশজুড়ে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর কোনো ঋণের বোঝা নয়, বরং সরাসরি অনুদান ও ন্যায্য আর্থিক সহায়তার জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর