বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি দল মালয়েশিয়ায় যাবে।
বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে আইনজীবী প্রতিষ্ঠান গঠনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এ সময় প্রবাসীদের উদ্দেশে তিনি যে দেশে অবস্থান করছেন, সে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান।
