গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবেই। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো। শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিল্প, সংস্কৃতি ও দর্শনের প্রতিও মনোযোগ দিতে হবে।
শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে বিভিন্ন কলকারখানার দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কলকারখানায় শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দিতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান।
কলেজগুলোতে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কলেজের শিক্ষকসংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অধিভুক্ত কলেজগুলোর উপযোগী ছাদ থাকলে সেগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুষ্ঠু রাখার নির্দেশনাও দেন তিনি।
তারেক রহমান বলেন, এমন দেশ গড়তে চাই, যা জ্ঞান ও গুণে সমৃদ্ধ হবে, কর্মে আত্মনির্ভরশীল হবে এবং বিশ্বমঞ্চে নিজের মর্যাদা নিয়ে দাঁড়াবে।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
