কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন দুই লাখ ৮০ হাজারের বেশি কানাডীয় নাগরিক। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে গত ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পিটিশনটি উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার হাউস অব কমন্সের অধিবেশনে পিটিশনটি উত্থাপন করেন গ্রিন পার্টির সংসদ সদস্য এলিজাবেথ মে। এতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের প্রতি হুকস্ট্রাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে পিটিশনটি উত্থাপনের সময় হুকস্ট্রাকে কানাডার ইতিহাসের ‘সবচেয়ে অ-কূটনৈতিক রাষ্ট্রদূত’ হিসেবে উল্লেখ করেন এলিজাবেথ মে। তিনি বলেন, ‘হুকস্ট্রা বারবার কানাডীয়দের প্রতি অপমানজনক ও কুরুচিপূর্ণ আচরণ করেছেন।’
পিটিশনে অভিযোগ করা হয়েছে, হুকস্ট্রার বিভিন্ন মন্তব্য কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। কানাডার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাঁর মন্তব্যগুলো কূটনৈতিক শিষ্টাচারেরও পরিপন্থী।
এদিকে ২৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পিটিশনটির বিষয়ে তাঁরা অবগত রয়েছেন।
কেন ক্ষুব্ধ কানাডীয়রা?
কানাডায় পিট হুকস্ট্রার বিতর্কিত হয়ে ওঠার পেছনে বড় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবের প্রতি তাঁর সমর্থন।
গত বছর মিশিগানের একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের ওই বক্তব্যকে ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেন হুকস্ট্রা। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ‘উদার প্রস্তাবে’ কানাডীয়রা কেন অপমানিত বোধ করছেন।
এ ছাড়া ২০২৫ সালের কানাডার পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টির নাটকীয় বিজয়কে ‘আমেরিকাবিরোধী’ বলে মন্তব্য করেছিলেন তিনি। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেওয়া বক্তব্যেও ইঙ্গিত দেন, নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে এর জন্য কানাডাকে দায়ী করা হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই দাবি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, পলিটিকো
