দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বীমার মোট ছয় লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেওয়া হয়।
সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং কোষাধ্যক্ষ মানস ঘোষ।
বিজেসির নীতি অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে এই স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে বিজেসি এই মানবিক সেবা দিয়ে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই বীমা সুবিধা পেয়ে থাকেন। গত সাত বছরে এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা দেওয়া হয়েছে।
সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। বিজেসির ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদারের নেতৃত্বে এই কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী শামসুল হুদা, শহীদ আহমেদ এবং যুগ্ম-নির্বাহী মনিরা ফেরদৌসী ও সালাম ফারুক।
চেক বিতরণকালে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যরাই বিজেসির প্রাণ। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের বড়ো ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব ইলিয়াস হোসেন তার বক্তব্যে বলেন, বিজেসি সব সময় সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ পর্যন্ত সংগঠনের তিন শতাধিক সদস্যকে স্বাস্থ্য বীমার আওতায় আনা সেই প্রয়াসেরই অংশ। বিজেসি ১০ কোটি টাকার একটি বিশাল কল্যাণ তহবিল গঠনের স্বপ্ন দেখছে, যার লভ্যাংশ দিয়ে ভবিষ্যতে সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানদেরও এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে।
বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা উল্লেখ করে বিজেসির কল্যাণ ও সুরক্ষা কমিটির আহবায়ক ও ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদার বলেন, সঠিক ও যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দীর্ঘ যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনে আমরা সরেজমিনেও তথ্য যাচাই করি।
অনুষ্ঠানে বীমার চেক গ্রহণ করে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন ভুক্তভোগী সাংবাদিকেরা। তারা বলেন, বর্তমান সময়ে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। সংগঠন যে সদস্যদের শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনের সুরক্ষাকেও সমান গুরুত্ব দেয়—আজকের এই আয়োজন তারই প্রমাণ।
উক্ত অনুষ্ঠানে বিজেসির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
