শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক পরিসরে মেধা প্রকাশের পথ সুগম করতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ‘হিপ্পো বাংলাদেশ স্টুডেন্ট সামিট ও অ্যাওয়ার্ডস ২০২৬’।
শনিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগার অডিটোরিয়ামে হেরিটেজ স্কুলের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই সামিট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।

আন্তর্জাতিক ইংরেজি ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘হিপ্পো অলিম্পিয়াডে’ বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জনকে উদযাপনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিপ্পো – দ্য কনটেস্ট-এর সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েলে পিয়াচেন্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) তারেক মেহেদী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহকারী অধ্যাপক ফাতেমা আলম মেঘলা। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন হেরিটেজ স্কুলের পরিচালক সেলিম মিয়া এবং অধ্যক্ষ কাওসার চৌধুরী।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো পুরস্কার বিতরণী পর্ব। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ড্যানিয়েলে পিয়াচেন্তি। এবার প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে দুইজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেছে।

পুরস্কার বিতরণের পাশাপাশি হেরিটেজ স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া স্কুলের বিতার্কিক শিক্ষার্থীরা তর্কে-যুক্তিতে তাদের উপস্থাপনা ও চিন্তাশীলতার বুনন তুলে ধরে উপস্থিত অতিথিদের নজর কাড়েন।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মেধা বিকাশ ও আন্তর্জাতিক শিক্ষার সঙ্গে মেলবন্ধন তৈরিতে এ ধরনের সামিট শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
