দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ প্রথমবারের মতো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও টেকসই কার্যক্রমের ওপর ভিত্তি করে ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার গুলশানে অবস্থিত লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘লিডিং চেঞ্জ, নারচারিং টুমরো’ শীর্ষক এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
প্রকাশিত এই প্রতিবেদনে টেকসই কৃষি ব্যবস্থাপনা, দায়িত্বশীল উপায়ে পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা, প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান এবং সার্বিক অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে ‘স্বপ্ন’-এর বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ ও অগ্রগতির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও করপোরেট খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার ইয়োশিদা আয়া, এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের সিইও শাহামিন এস জামান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির এবং ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড গ্রোথ) মো. মাহাদি ফয়সালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিরা।
