আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার এক তথ্য বিবরণীর মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করা আইনত দণ্ডনীয়। সেই অনুযায়ী, ইসির নিষেধাজ্ঞা শুরু মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে এবং শেষ আগামী শনিবার বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশে একযোগে ভোট নেয়া শুরু হবে। বিরতিহীনভাবে ভোট নেয়া চলবে এবং একই দিনে গণভোটের কার্যক্রমও পরিচালিত হবে।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, নির্বাচনের পরিবেশ স্থিতিশীল রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী যদি সভা-সমাবেশ বা মিছিলের আয়োজন করে, তবে তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভোটের আগে ও পরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করাই এখন কমিশনের মূল লক্ষ্য।
