সংবিধান অনুযায়ীই আমাদের পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের জাতীয় সংসদ থেকে সংবিধান সংশোধন করতে হবে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রধান নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাথে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিইসির সাথে সাক্ষাৎ শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন।
তিনি বলেন, এখন আমরা ২০ আগস্ট নির্বাচনের জন্য অপেক্ষায় থাকব।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। কনফিউশন সৃষ্টি করে লাভ নেই। সংবিধান সংশোধন প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরের চ্যাপ্টার বা বিষয়। পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে।
এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বীর বিক্রমের পক্ষে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তারা জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদের মনোনয়পত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে আজ সকাল ১১টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৭ বছরে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী