জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা বা ইতিহাস চর্চার কেন্দ্র না করে সার্বজনীন জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
জাদুঘরের বর্তমান রূপান্তর ও উপস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু পরিবর্তন করেছে। তিনি বলেন, জাদুঘর থেকে সীমান্ত হত্যাকাণ্ডের ইতিহাস-সংক্রান্ত অংশ, বিশেষ করে ফেলানীসহ সীমান্ত হত্যার তালিকা এবং ভারতে মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি সম্পর্কিত নথি ও স্মারক সরিয়ে ফেলা হয়েছে।
সরকারের পররাষ্ট্রনীতি ও দলীয় অবস্থানের সমালোচনা করে এনসিপি আহবায়ক বলেন, বিএনপি ভারতের বিষয়ে এক ধরনের ভীতু নীতি অনুসরণ করছে। তারা মুখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও কার্যত ভারতের সঙ্গেই বেশি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।
গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও অবদানের যথাযথ মূল্যায়নের তাগিদ দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, অভ্যুত্থানে বিভিন্ন স্তরের মানুষের ত্যাগ রয়েছে। তাই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ফুটিয়ে তোলার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী এবং ঢাকার বাইরের আন্দোলনকারীদের অসামান্য অবদানকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে হবে।
