বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা বসছে আজ। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের এটি পঞ্চম সভা। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ এবং ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে সভায়।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় বিষয়টি গুরুত্ব পেতে পারে বোর্ড সভায়। বিশেষ করে প্রধান কোচ ফিল সিমন্সের দায়িত্বে থাকা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে বোর্ড।

বিসিবি এমন একজন কোচের অধীনে জাতীয় দলকে পরিচালনা করতে চায়, যিনি খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থান নেবেন। সিমন্সের সঙ্গে খেলোয়াড়দের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেউ কেউ তাঁর দুর্বলতা হিসেবে দেখছেন। তাঁদের ধারণা, এ কারণে খেলোয়াড়দের ওপর কোচের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সিমন্সের বিষয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।
এ ছাড়া ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালুর প্রস্তাব সভায় অনুমোদনের জন্য উঠতে পারে। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিকের বাছাইপর্বও আলোচ্যসূচিতে রয়েছে।
সভায় বিসিবির কয়েকটি বিভাগের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নারী ক্রিকেট দলের আসন্ন সিরিজ এবং দেশের মাটিতে অনুষ্ঠেয় নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
