জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে নীতিমালা লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে চীনের ভিডিও নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।
বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শর্ট ভিডিও’র প্ল্যাটফর্ম টিকটক।
ভিডিও সরানোর ব্যাখ্যায় টিকটক বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ) এই প্রতিবেদনে ভুল তথ্যের প্রচার রোধ এবং অনলাইনকে নিরাপদ করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
এছাড়া জবাবদিহিতার মাধ্যমে আস্থা অর্জন, কমিউনিটির জন্য প্ল্যাটফর্মটিকে নিরাপদ করে তোলা এবং অনুকূল পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্ল্যাটফর্মটি।
টিকটকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের দায়ে বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরানো হয়েছে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ০ দশমিক ৬ শতাংশ।
এই ভিডিওগুলোর মধ্যে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও সরানো হয়েছে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তবে পরে সেগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও ফিরিয়ে দেওয়া হয়েছে।
একই সময়ে বাংলাদেশ থেকে ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক। গত বছরের চতুর্থ প্রান্তিকে (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর) কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের দায়ে সরানো হয়েছিল ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও।
এছাড়া স্প্যাম অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট কনটেন্টগুলোর উপরও লক্ষ্য রাখে টিকটক। সেই সাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থাও নেয় প্ল্যাটফর্মটি।
২০২৩ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে যে সব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৯২ দশমিক ২ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেউ দেখার আগেই। আর এক দিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও।
আরও পড়ুন: নিহত বাংলাদেশি ছাত্রের পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রের সমবেদনা
২০২২ সালের চতুর্থ প্রান্তিকের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সে সময় বাংলাদেশের ৯৫ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছিল কেউ দেখার আগেই। সে হারটি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে কিছুটা কমে এসেছে।
টিকটকের পক্ষ থেকে বিশ্বের সব তরুণ ব্যবহারকারীদেরকে নিরাপত্তা অগ্রাধিকার দেয়ার কথা বলে আসা হচ্ছে। সেদিকে নজর দিয়েই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে বিশ্বব্যাপী সরিয়ে ফেলা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট।
এ ছাড়া প্রথম প্রান্তিকে ৫ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়, যা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে টিকটকের একটি অন্যতম প্রচেষ্টা।
একাত্তর/আরবি
