দায়িত্ব নিয়েই টুইটারের বেশ কিছু উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিকে চাকরিচ্যুত করেছেন ইলন মাস্ক। এবার প্রতিষ্ঠানটির সাধারণ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াও শুরু করেছেন তিনি।
শুক্রবার (৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের ব্যাপারে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে এদিনই। তার আগে সাময়িকভাবে টুইটারের লন্ডন দপ্তর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার এক সপ্তাহের মাথায় এমন ঘোষণা এলো। এ ঘোষণার পর শত শত কর্মী কোম্পানির নিজস্ব ম্যাসেজিং সার্ভিস 'স্ল্যাক'-এর মাধ্যমে একে অপরকে বিদায় জানিয়েছেন বলে জানা গেছে।
কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে কর্তৃপক্ষ জানিয়েছে, 'টুইটারকে একটি সুস্থ পথে আনতে শুক্রবার আমাদের বৈশ্বিক কর্মশক্তিকে কমানোর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে'।
ধারণা করা হচ্ছে, ব্যয় কমিয়ে আরও চাহিদামূলক কর্মনৈতিকতা আরোপ করতে প্রায় তিন হাজার ৭০০ কর্মী ছাঁটাই করবেন মাস্ক। এতে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা কমে দাঁড়াবে প্রায় অর্ধেকে।
টুইটার কর্মীদের সাম্প্রতিক টুইট থেকে ধারণা করা হচ্ছে, কোম্পানিটির কনটেন্ট মডারেশন টিম ছাঁটাইয়ের লক্ষ্য হতে পারে। টুইটারে বাকস্বাধীনতা পুনর্বহাল করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এমনটা করতে পারেন মাস্ক।
ছাঁটাইয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আসছেন কর্মীরা। 'হ্যাশট্যাগ ওয়ানটিম' দিয়ে ট্যাগ করে নিজেদের মন্তব্য জানাচ্ছেন তারা।
এদিকে, ছাঁটাইয়ের ব্যাপারে ৬০ দিনের যে আগাম নোটিস দেয়ার কথা, তা কর্মীদের দেয়া হয়নি বলে অভিযোগ করে টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন কর্মীরা। এটি ফেডারেল ও ক্যালিফোর্নিয়া আইনের লঙ্ঘন বলে মামলায় দাবি করা হয়েছে।
লন্ডনের পিকাডিলি সার্কাসে অবস্থিত টুইটারের দপ্তর। শুক্রবার সেটিকে একেবারে জনশূন্য দেখা গেছে।
আরও পড়ুন: ইউক্রেনের ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি
ভবনের নিরাপত্তা কর্মীরা বলছেন, ভেতরে সংস্কার কাজ চলছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব কর্মীরা চাকরি হারাবেন না তাদেরকে অফিসের ইমেইলের মাধ্যমে তা জানানো হবে। আর যারা চাকরিচ্যুত হবেন তাদেরকে তাদের ব্যক্তিগত ইমেইলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা দেয়া হবে।
একাত্তর/এসজে
