নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও জোরদার করছে সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২৬টি সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকে মূল সনদের সঠিক যাচাইকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী করা, সংশ্লিষ্ট সনদ প্রদানকারী কর্তৃপক্ষগুলোকে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ার আওতায় আনা এবং দেশের সংশ্লিষ্ট সরকারি অফিস ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক স্বীকৃতি ও মান রক্ষা করা এবং নাগরিকদের জন্য প্রত্যয়ন ও সত্যায়ন সেবা আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলা।
বৈঠকে বিদেশে নথিপত্রের সহজ যাচাইকরণ ও স্বীকৃতি নিশ্চিতে সনদ প্রদানকারী কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোর মধ্যে আরও সুদৃঢ় সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশে ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র ইস্যু করেছে।
শিক্ষা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, চিকিৎসা সনদ, বিবাহ ও জন্মনিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি এই সেবার অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মকর্তারা জানান, ‘মাই গভ’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনভিত্তিক ই-অ্যাপোস্টিল সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং নাগরিকদের মূল্যবান সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হচ্ছে।
জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ
সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী