মার্কিন শুল্কনীতির ধাক্কা সামলাতে তৈরি পোশাক খাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ভারত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপ ও মার্কিন বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ভারতের পোশাক রপ্তানিকারকরা এখন আমেরিকার ওপর একক নির্ভরতা কমিয়ে ব্রিটেন, ইউরোপ ও অভ্যন্তরীণ বাজারের দিকে ঝুঁকছেন।
গত বছর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতির অধীনে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানোর পর থেকেই বিপাকে পড়েন ভারতের তৈরি পোশাক রপ্তানিনিকারকরা। আমেরিকান ঈগল ও গ্যাপের মতো মার্কিন ব্র্যান্ডগুলোর রপ্তানি আদেশে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন তাদের বাণিজ্যের মানচিত্রই বদলে ফেলছে।

অরিয়েন্ট ক্রাফটের প্রতিষ্ঠাতা ৭৭ বছর বয়সী সুধীর ধিংড়া জানান, আগে তাঁদের রপ্তানির ৮৪ শতাংশই যেত যুক্তরাষ্ট্রে। কিন্তু চড়া শুল্কের পর মার্কিন ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করতে শুরু করেন কিংবা রফতানিকারকদের ওপর ২৫ শতাংশ শুল্কের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।
ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমিয়ে এখন ব্রিটেন ও ইউরোপে নজর বাড়িয়েছেন তারা। বর্তমানে অরিয়েন্ট ক্রাফটের মোট বিক্রির ১০ শতাংশেরও কম যায় যুক্তরাষ্ট্রে। ধিংড়ার মতে, যদি শুল্ক কমেও বা কোনো চুক্তি হয়, তবুও শুধু একটি বাজারের ওপর ভরসা রাখা বড় ঝুঁকিপূর্ণ।

একই পথ ধরেছে ৫৩ হাজারের বেশি কর্মী নিয়ে পরিচালিত অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টস। ডিরেক্টর শিবরামকৃষ্ণন গণপতি জানিয়েছেন, এটি কোনো সাময়িক পদক্ষেপ নয়। ৩-৫ বছরে তারা ইউরোপে তাদের আয়ের শেয়ার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে নেয়ার পরিকল্পনা করছেন, আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে আনবেন।
গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক রফতানি ৯.৮ শতাংশ কমে ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে অন্য দেশগুলোতে রফতানি ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসকে প্রধান লক্ষ্য বানিয়ে এগোচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদন খরচ কমাতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির মতো এলাকায় কারখানা সম্প্রসারণ করছেন তারা, যেখানে শ্রম ও ভূমির খরচ তুলনামূলক কম।
শিল্প বিশ্লেষকদের মতে, রপ্তানির এই বহুমুখীকরণ ভারতের পোশাক খাতের একটি স্থায়ী কৌশলে পরিণত হয়েছে। ফলে আগামীতে ওয়াশিংটনের যে কোনো শুল্কনীতির চাপ সামলানো দিল্লির জন্য অনেক বেশি সহজ হবে।
তথ্যসূত্র: রয়টার্স
